সোনারগাঁয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ে গতকাল রাত সাড়ে নয়টায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়টি বন্ধ ছিল। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাব, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ছবিসহ পুরো কার্যালয়টি পুড়ে যায়।
জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আবু খান জানান, বিএনপি ও জামায়াতের কর্মীরা দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে এই কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যান। আগুনের খবর পেয়ে গ্রামবাসী ও দলীয় কর্মীরা আগুন নেভান। আগুনে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।