সোনারগাঁয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আবুল হাসনাত (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আবুল হাসনাতের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে ঘাতকেরা।

আজ শনিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসনাত ওই এলাকার নায়েব আলী কালাইয়ের ছেলে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২টি শটগানের ফাঁকা গুলি ছোড়ে। আবুল হাসনাতের বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দুই দিন আগে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের আলী আজগরের ছেলে আমির হোসেন পক্ষের শাহপরানের সঙ্গে আবুল হাসনাতের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে হাসনাত আজ বেলা ১১টার দিকে শাহপরানকে তুলে নিয়ে তাঁর বাড়ির পাশে নোয়াব মিয়ার বাড়িতে আটক করে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে দুপুরে ক্ষুব্ধ গ্রামবাসী ও হাসনাতের প্রতিপক্ষ আমির হোসেন পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হাসনাতের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় হাসনাত ঘর থেকে বের হয়ে রামদা দিয়ে প্রতিপক্ষের কয়েকজনকে কুপিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর প্রতিপক্ষরা হাসনাতকে ধাওয়া করে পার্শ্ববর্তী মারিখালী নদের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ আরও জানায়, চার দিন আগে আবুল হাসনাতের সঙ্গে প্রতিপক্ষ আমির হোসেনের সংঘর্ষ হয়। সে সময় আমিরের পক্ষের লোকজন হাসনাতের তিন ভাইকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় পুলিশ আমির হোসেনকে গ্রেপ্তার করলে এক দিন পর তিনি জামিনে বের হন।

নিহত আবুল হাসনাতের স্ত্রী রাবেয়া আফরোজের অভিযোগ, ফয়সাল নামের এক যুবক আজ দুপুরে আবুল হাসনাতকে বাড়ি থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদের কাছে ডেকে নিয়ে যায়। পরে আবুল হাসনাত প্রতিপক্ষÿআমিরের ফুফাতো ভাই হৃদয় ও তাঁর সহযোগীদের দেখে দৌড়ে নিজ বাড়িতে আশ্রয় নেন। এ সময় তাঁরা পিছু নিয়ে বাড়িতে এসে আগুন ধরিয়ে দেন। পরে হাসনাত প্রাণে বাঁচতে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পাশের মারিখালী নদের পাড়ে ফেলে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত লোকজনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, নিহত হাসনাত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।