সোনারগাঁয়ে ছাত্রকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর ঢালু থেকে আজ শনিবার সকালে নাঈম ভূঁইয়া (২১) নামের এক ছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা প্রথম আলোকে জানান, আজ সকাল সাতটায় কাঁচপুর সেতুর ঢালে গুলিবিদ্ধ একটি লাশ দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নাঈমের স্বজনেরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। তাঁর বুকে গুলির চিহ্ন রয়েছে।

নিহত নাঈম ভূঁইয়া গাজীপুরের মডেল ইনস্টিটিউশন অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি সোনারগাঁর হাতকোপা গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেন ভূঁইয়ার ছোট ছেলে।

নাঈমের বড় ভাই গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র ফাহিম ভূঁইয়ার দাবি, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি নাঈম।

এসআই আলী রেজা আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।