সোনারগাঁয়ে দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন হত্যা মামলার আসামিদের সঙ্গে বিল্লালের সমর্থকদের গত সোমবার থেকে তিন দিন দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের ২০টির বেশি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সনমান্দি ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে ২০১৪ সালের ২৭ জুন দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদুল্লাহ, আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের নামে মামলা করেন নিহত বিল্লালের ছেলে মাসুম মিয়া। আসামিরা দুই মাস আগে আদালত থেকে জামিন পান।
বিল্লাল হোসেনের ছেলে মাসুম অভিযোগ করেন, মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে শহীদুল্লাহ ও আনোয়ারের নেতৃত্বে তাঁদের সমর্থকেরা গত সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত দফায় দফায় তাঁদের ১২ জন সমর্থকের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। সেই সঙ্গে ১৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
অন্যদিকে, আওয়ামী লীগের সদস্য শহীদুল্লাহ অভিযোগ করেন, ‘গত তিন দিন ধরে বিল্লাল হোসেনের সমর্থকেরা আমাদের আটজনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে। এ ছাড়া ছয়জনকে কুপিয়ে আহত করেছে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শহীদুল্লাহর সমর্থক বানু আক্তার বাদী হয়ে সোমবার মাসুম মিয়াসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আর বিল্লাল হোসেনের সমর্থক আফজাল হোসেন বাদী হয়ে গতকাল বুধবার শহীদুল্লাহসহ ১৫ জনের নামে মামলা করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।