সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভিটিপাড়া এলাকায় গতকাল বুধবার দুপক্ষে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আধিপত্য ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকাল আটটার দিকে ভিটিপাড়া গ্রামের রতন মিয়ার সঙ্গে একই গ্রামের বিল্লাল হোসেনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সকাল ১০টার দিকে রতন মিয়া, হজরত আলী, ফারুক মিয়াসহ নয়-দশজন লোক একত্র হয়ে রামদা, চাপাতি, ছোরা, বল্লম, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিল্লাল হোসেনের আত্মীয় আবু হুরাইয়া, নুর মোহাম্মদ, আবুল কাশেম এবং নুরুল হককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। খবর পেয়ে বিল্লাল হোসেনের সমর্থকেরা একত্র হয়ে পাল্টা হামলা চালিয়ে রতন মিয়া, বাবুল মিয়া, রিপন মিয়া ও ফারুক মিয়াকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর অবস্থায় আবু হুরাইয়া ও নুর মোহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।