সোনারগাঁয়ে পিটিয়ে কুপিয়ে তিনজনকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাঘরী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল রোববার তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন।
সোনারগাঁ থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের আবদুর রহিমের সঙ্গে শাহজাহান মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল সকালে শাহজাহান মিয়ার সঙ্গে আবদুর রহিমের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শাহজাহান মিয়া ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আবদুর রহিম, তাঁর ভাই আতাউর ও তাঁর বোন আছিয়া বেগমের ওপর হামলা চালান। মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা তিনজন গুরুতর জখম হন। আহতদের মধ্যে আছিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
আছিয়া বেগমের স্বামী আরব আলী বলেন, পূর্বশত্রুতার জের ধরে শাহজাহান মিয়া ও তাঁর সহযোগীরা তাঁর স্ত্রী ও দুই শ্যালককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছেন।
তবে শাহজাহান মিয়া দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।