সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার পানাম বাজার এলাকায় গতকাল রোববার দুপুরে সালাম মিয়া নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার নোয়াইল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সালাম মিয়া ছয় মাস আগে ষোলপাড়া গ্রামের সজীব মিয়াকে ২৫ হাজার টাকা ধার দেন। গতকাল সালাম মিয়া সেই টাকা চাইতে গেলে সজীব মিয়ার নেতৃত্বে ছয়-সাতজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে সালাম মিয়াকে গুরুতর জখম করে। তাঁকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সালাম মিয়া বলেন, ‘পাওনা টাকা চাইতে গেলে সজীব মিয়া ও তাঁর বাবা আবু সাইদ আমাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন।’
সজীব মিয়া বলেন, ‘সালাম মিয়া আমার কাছে টাকা পান, এটা সত্য। তবে আমি মারধরের সঙ্গে জড়িত নই।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, এ ঘটনায় সালাম মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।