সোনারগাঁয়ে ১২ বাড়িতে হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনা​রগাঁ উপজেলার নুনেরটেক গ্রামের ১২টি পরিবারের বাড়ি গতকাল ভাঙচুর করা হয় এবং চারটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনা​রগাঁ উপজেলার নুনেরটেক গ্রামের ১২টি পরিবারের বাড়ি গতকাল ভাঙচুর করা হয় এবং চারটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামে গতকাল শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা ১২ জন নিরীহ মানুষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কয়েক দিন ধরে হামলা ও মামলায় গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। একই সঙ্গে নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ায় গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নারীরাও। এ জন্য গ্রামবাসী আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন। মেঘনা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বুধবার মেঘনা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ ও আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের সময় দুপক্ষের ৪০ জন আহত হন। এ ঘটনার জের ধরে গতকাল ভোর রাতে গ্রামের নিরীহ ১২ জনের বাড়িঘর ভাঙচুর ও চারটি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
গতকাল বিকেলে সরেজমিন ঘুরে গ্রামে কোনো পুরুষ দেখা যায়নি। গ্রামের নিরীহ জেলে শাহ আলমের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর মা বাছিরুন বেগম ও বড় বোন ফসরা বেগম আগুনে পুড়িয়ে দেওয়া ঘরের সামনে বসে কান্নাকাটি করছেন।
বাছিরুন বেগম ও ফসরা বেগম বলেন, শাহ আলম কোনো রাজনীতি করেন না, আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে যোগ না দেওয়ার কারণে রাতে ঘুমন্ত অবস্থায় ওই দলের কর্মীরা ঘরে ঢুকে তাঁদের বিবস্ত্র করে মারধরের পর আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। ওই ব্যক্তিরা ঘরের সব মালামাল লুটও করেছে।
পাশের বাড়ির রূপ মিয়া, তোতা মিয়া, জজ মিয়া, আজগর আলী, ঝুমা বেগমসহ আরও কয়েকজন বলেন, আওয়ামী লীগের কর্মীরা শুক্রবার ভোর রাতে গ্রামের ১২ জনের বাড়িঘর ভাঙচুর ও চারজনের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ সময় তাঁরা ঘরের সব মালামাল লুট করে নিয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক নারী বলেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর হামলা ও মামলার ভয়ে গ্রামের পুরুষেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। গ্রাম পুরুষশূন্য থাকায় রাতে নারীদের ওপর নির্যাতন বেড়ে গেছে। এ কারণে উঠতি বয়সী মেয়েদের আত্মীয়স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন মা-বাবারা।
গ্রামের নারীরা বলেন, গতকাল বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার পর পুলিশের কোনো সদস্য সেখানে যাননি। বিকেলে গ্রামের রূপ মিয়ার স্ত্রী উম্মে কুলসুম বাদী হয়ে তাঁদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগে বারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ডের সাবেক সদস্য ওসমান গণিকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। গতকাল রাতে সর্বশেষ খবরে জানা যায়, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি, তদন্তও করেনি।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমাদের দলের কর্মীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছে। গ্রামের নিরীহ মানুষের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আমাদের কর্মীরা জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আমাদের দলের কেউ নারী নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নারী নির্যাতন ও নিরীহ মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি থাকলে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।