সোনারগাঁয়ে কুপিয়ে একই পরিবারের পাঁচজনকে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরাব গ্রামে গতকাল সোমবার বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বরাব গ্রামের মোতালেব মিয়ার সঙ্গে প্রতিবেশী ব্যবসায়ী মোসলেম মিয়ার বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে বিরোধ চলছে। গতকাল সকাল আটটার দিকে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে মোতালেব মিয়ার নেতৃত্বে ৮-১০ জন রামদা, ছোরা, শাবল, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোসলেম মিয়া, তাঁর ভাই মামুন মিয়া, হযরত আলী ও আবদুল মতিন মিয়া এবং বোন মোমেনা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। তাঁদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মামুন মিয়া ও হযরত আলীর অবস্থা গুরুতর।
মোতালেব মিয়া বলেন, ঘটনাটি ঘটেছে সত্য। তবে তিনি এর সঙ্গে জড়িত নন।