সোনারগাঁয়ে ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে ঘুষের টাকাসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার সন্ধ্যায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্নীতি দমন কমিশনার (দুদক) ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব ভূমি কার্যালয়ের উপসহকারী (ভূমি) কর্মকর্তা জানে আলম। কাঁচপুরের সোনাপুর গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার কাছ থেকে তাঁর মালিকানাধীন ২০ দশমিক ২৭ শতাংশ জমি নামজারি করতে ৪৫ হাজার টাকা উৎকোচ দাবি করেন জানে আলম। জমির মালিক ৪৩ হাজার টাকা পরিশোধ করে দুদক কার্যালয়ে অভিযোগ করেন। এরপর দুদক কর্মকর্তারা ফাঁদ পেতে সোমবার উৎকোচের অবশিষ্ট দুই হাজার টাকাসহ হাতেনাতে জানে আলমকে আটক করেন। এরপর সোমবার রাতেই সোনারগাঁ থানায় তাঁকে সোপর্দ করা হয়। পরে দুদকের উপসহকারী পরিচালক জানে আলমকে একমাত্র আসামি করে দুর্নীতি দমন আইনে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায়। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তাঁকে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।