সোনারগাঁয়ে চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামে গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন নারীসহ চারজনকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নুনেরটেক গ্রামের মোস্তফা মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী ওহাব মিয়ার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল মোস্তফা মিয়ার ছেলে হযরত আলী তাঁর বাড়ির সীমানায় পরিমাপ করতে গেলে ওহাব মিয়ার পরিবারের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ওহাব মিয়ার নেতৃত্বে ৮-১০ জনের দল রামদা, ছেনা, লাঠি, টেঁটা, রড নিয়ে হামলা চালিয়ে মহসিন মিয়া, হযরত আলী, তাঁর মা জামিলা খাতুন, হযরত আলীর স্ত্রী খুকী আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হযরত আলী বলেন, ‘আমাদের বাড়ির সীমানার পরিমাপ করতে গেলে ওহাব মিয়ার লোকজন আমাদের পরিবারের সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেন।’ ওহাব মিয়া বলেন, ‘দুই পক্ষের মধ্যে সামান্য বাগ্বিতণ্ডা হয়েছে। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।’