সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে অপহরণ, পরে উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় গত শুক্রবার তিন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ গতকাল শনিবার তাঁদের উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
ওই তিন ব্যবসায়ী হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার আরিফুজ্জামান মিয়া, মাহমুদ হাসান ও মশিউর রহমান। তাঁরা স্থানীয় তালা বাজারের ব্যবসায়ী। এ ঘটনায় মাহমুদ হাসান সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
মামলার নথিতে উল্লেখ আছে, আরিফুজ্জামান, মাহমুদ ও মশিউর সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জের বাসিন্দা আব্বাস মিয়ার সঙ্গে ১৬ টন আলুবীজ বিক্রি করার চুক্তি করেন। চুক্তি মোতাবেক তাঁরা ট্রাকে করে শুক্রবার চরকিশোরগঞ্জ এলাকায় বীজ নিয়ে আসেন। এরপর সরবরাহ করা বীজ নিম্নমানেরœবলে অভিযোগ করেন আব্বাস মিয়া। তিনি ব্যবসায়ীদের টাকা না দিয়ে একটি বাড়িতে নিয়ে আটকে রাখেন।
পরে আব্বাস ও তাঁর সহযোগীরা তাঁদের পরিবারের সদস্যদের কাছে মুঠোফোনে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ব্যবসায়ী মাহমুদ কৌশলে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এসে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ গতকাল চরকিশোরগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত অপর দুই ব্যবসায়ী আরিফুজ্জামান মিয়া ও মশিউর রহমানকে উদ্ধার করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্বাস মিয়াকে আটক করে পুলিশ।
আরিফুজ্জামান বলেন, ‘অপহরণকারীরা টাকা দিতে না পারলে আমাদের হত্যা করার হুমকি দেয়।’