নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেলপাড়া গ্রামে গত শনিবার মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে পুলিশ মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার স্থানীয় এক জনপ্রতিনিধিকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার বাড়িতে যান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমাম আহাদ ও কনস্টেবল শফিকুল ইসলাম। এ সময় ১০ কেজি গাঁজাসহ বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে বাবুল মিয়ার সহযোগীরা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেন। এরপর বাবুল পালিয়ে যান।
পরে পুলিশ ওই গ্রামের বাসিন্দা আবদুস সামাদকে আটক করার চেষ্টা করে। এ সময় সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিনের নেতৃত্বে গ্রামের কয়েক শ মানুষ সামাদকে আটকের প্রতিবাদ করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আশরাফ উদ্দিনসহ গ্রামের কয়েকজনকে গ্রেপ্তারের হুমকি দেয় পুলিশ। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী দুই পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে তাঁদের মারধর করেন। পরে একটি বাড়িতে তাঁদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর গ্রামবাসী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। পরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) সাজিদুর রহমানসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ইউপি চেয়ারম্যান আবদুল রশিদ মোল্লার সহায়তায় অস্ত্রসহ অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়।
ইউপি সদস্য আশরাফ আলী বলেন, ‘আবদুর সামাদ নামে একজন নিরীহ মানুষকে পুলিশ আটক করায় গ্রামবাসী প্রতিবাদ করেছে। আর পুলিশ সদস্যরা ছিলেন সাদাপোশাকে। এ কারণে ভুল-বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। আমার বিরুদ্ধে ও গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে পুলিশ।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য আশরাফ উদ্দিনকে প্রধান আসামি করে ১৮ জনের নামে মামলা হয়েছে। মামলার পর নায়েব হোসেন ও সাদেক আলী নামের মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ছাড়া মাদক ব্যবসার অভিযোগে পলাতক বাবুল মিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেছে পুলিশ।