সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত
পূর্ববিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উলুকান্দা গ্রামের সালাউদ্দিন ও রফিকুল মিয়ার সঙ্গে জমি নিয়ে আরিফ হোসেন, জুলহাস মিয়া ও নজরুল ইসলামের বিরোধ রয়েছে। এর জের ধরে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নজরুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় আরিফ হোসেন, তাঁর মা রোকসানা বেগম, চাচা জুলহাস মিয়া এবং ওয়াস কোরনী মিয়া, তাঁর ভাই নজরুল ইসলাম, বোন সাবিনা আক্তার, ছেলে শাওন মিয়াসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আরিফ হোসেন ও জুলহাস মিয়ার অবস্থা গুরুতর। এ ঘটনায় নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘সালাউদ্দিন ও রফিকুল মিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছেন। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাঁরা লোকজন নিয়ে হামলা করেছেন। ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন। এ ছাড়া আমার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছেন।’
মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করে সালাউদ্দিন বলেন, তাঁর সঙ্গের লোকজন এর সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে তিনি হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক গতকাল সন্ধ্যায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে একটি পক্ষ অভিযোগ করেছে। মামলার প্রস্তুতি চলছে।