নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনার চর থেকে বালু তোলাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মেঘনা নদীতে জেগে ওঠা নতুন চর থেকে ড্রেজারের সাহায্যে বালু তোলাকে কেন্দ্র করে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ও বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকার বাসিন্দাদের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়। গতকাল সকালে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল বাসেদ মিয়া ও একই ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন ওই চর থেকে ড্রেজার দিয়ে বালু তোলার চেষ্টা করেন। এ সময় পার্শ্ববর্তী নুনেরটেক এলাকার লোকজন বালু তোলায় বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে বালু তোলার বিরোধিতাকারী সফিকুল ইসলাম ও রুহুল আমিন আহত হন। পরে আবদুল বাসেদ মিয়া ও নবী হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন রামদা, ছোরা, টেঁটা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেনের দামোদরদীর ও আওয়ামী লীগের কর্মী ফুল মিয়ার ছনপাড়া গ্রামের বাড়িতে হামলা চালান। এ সময় শাহাদাতের সমর্থক রনি মিয়া, শামীম মিয়া, সিরাজ মিয়া, মোতালেব মিয়া, আলী আকবর, কোহিনুর ইসলাম, আরিফা বেগম ও দিপা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হওয়াসহ উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। এ সময় তাঁদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেঁটাবিদ্ধ সফিকুল ইসলাম, রনিসহ পাঁচজনের অবস্থা গুরুতর। পুলিশ ঘটনাস্থল থেকে দুই ইউপি সদস্য বাসেদ মিয়া, আইয়ুব আলী মিয়া ও রকি মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। প্রায় তিন ঘণ্টা থানাহাজতে আটক থাকার পর মুচলেকা নিয়ে আবদুল বাসেদ ও আইয়ুব আলীকে ছেড়ে দেয় পুলিশ। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত এবং অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) সাজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আওয়ামী লীগের নেতা শাহাদাত হোসেন বলেন, ‘মেঘনা নদীতে বালু উত্তোলন করার ফলে আশপাশের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা তাদের বাধা দেওয়ায় আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পিটিয়ে ও কুপিয়ে কয়েকজনকে আহত করা হয়।’ ইউপি সদস্য আবদুল বাসেত বলেন, ‘প্রথমে তারাই (প্রতিপক্ষ) আমাদের লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।