সোনারগাঁয়ে বাড়িতে ডাকাতি, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর নোয়াগাঁও গ্রামে গত রোববার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের হামলায় পাঁচজন আহত হন।
জানা যায়, চর নোয়াগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রুবেল মিয়ার বাড়িতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১২ জনের ডাকাত দল দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হানা দেয়। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি থেকে পাঁচ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার, মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল। ডাকাতদের বাধা দিতে গেলে দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী দেলোয়ারা পারভীন, ছেলে পলাশ মিয়া, ছেলের বউ জান্নাত আক্তারসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক জানান, দেলোয়ার হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।