সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তিকে হত্যা করা হয়।
নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৩৮)। সোনারগাঁয়ের ষোলপাড়া গ্রামের ফজর আলীর ছেলে খোরশেদ ডেকোরেটর ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, খোরশেদ আলমের সঙ্গে প্রতিবেশী সুলতান আহম্মেদের ২০ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাজার থেকে একা বাড়ি ফিরছিলেন খোরশেদ। অভিযোগ উঠেছে, ওই বিরোধের জের ধরে খোরশেদ আলমকে একা পেয়ে সুলতান আহম্মেদের নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ও স্বজনেরা খোরশেদকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খোরশেদের চাচা সিরাজুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সুলতান মিয়া ও তাঁর লোকজন ভাড়াটে সন্ত্রাসী এনে পূর্বপরিকল্পিতভাবে তাঁর ভাতিজাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, জমি নিয়ে বিরোধে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।