সোনারগাঁয়ে মাদক নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় গতকাল মঙ্গলবার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলায় মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধিরা।
সোনারগাঁ থানা চত্বরে আয়োজিত ওপেন হাউস ডের অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদেরের সভাপতিত্বে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) সাজিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাসিমা আক্তার, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী মুজিবুর রহমানসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈদ্যেরবাজার ইউপির সদস্য ইসমাইল হোসেন বলেন, উপজেলার হাড়িয়া চৌধূরীপাড়া এলাকায় প্রতিদিন চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সাদিপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাকিম উদ্দিন বলেন, ‘আমার এলাকায় মাদকের পাইকারি ব্যবসা চলছে, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের কারণে মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। পুলিশকে অবহিত করার পরও তারা অপরাধীদের ধরতে কোনো অভিযান চালাচ্ছে না।’
কাঁচপুর ইউপির চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, ‘ইয়াবা সেবনকারীদের তালিকা আমরা পুলিশের কাছে জমা দেব। তবে পুলিশের কথা দিতে হবে কত দিনের মধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হবে। শুধু মাদক সেবনকারীদের গ্রেপ্তার করলে চলবে না। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সব পেশাজীবীকে সোচ্চার হতে হবে। যেখানেই মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।