সোনারগাঁয়ে মাদ্রাসাছাত্রকে বেত্রাঘাত, দুই পক্ষে সংঘর্ষ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে বেত্রাঘাত করাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার মাদ্রাসার দুই শিক্ষকের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের পাঁচজন আহত হন। এ ঘটনায় দুই পক্ষ সোনারগাঁ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র রিফাত হোসেনকে গতকাল সকালে শ্রেণিকক্ষে বেত্রাঘাত করেন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রের মামা মাদ্রাসার অফিস সহকারী আবদুর সামাদ অধ্যক্ষকে গালমন্দ করেন। এতে বাধা দেন শিক্ষক মঞ্জুর কাদের। একপর্যায়ে আবদুর সামাদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন অধ্যক্ষ ও শিক্ষক মঞ্জুর কাদেরকে পিটিয়ে আহত করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অধ্যক্ষ ও মঞ্জুর কাদেরের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের পাঁচজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক বলেন, মাদ্রাসায় সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।