বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লোকজ উৎসব ও কারুশিল্প মেলার অনুষ্ঠানের সভামঞ্চ দুই বছর ধরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা দখল করে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ।
গতকাল বুধবার ফাউন্ডেশনের সভাকক্ষে ১৪ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে রবীন্দ্র গোপ এ অভিযোগ করেন।
রবীন্দ্র গোপ বলেন, কারুশিল্প ফাউন্ডেশন একটি জাতীয় প্রতিষ্ঠান। ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে প্রতিবছর লোকজ উৎসব ও মেলার আয়োজন করা হয়। দুই বছর ধরে এ উদ্বোধনী অনুষ্ঠানের সভামঞ্চ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা-কর্মী দখল করে নিচ্ছেন। আমন্ত্রণপত্রে অতিথি হিসেবে তাঁদের নাম না থাকলেও জোরপূর্বক তাঁরা মঞ্চে উঠে যান। তাঁদের নাম না থাকার কারণে ফাউন্ডেশনের মেলা বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়ে আসছেন তাঁরা।
পরিচালক বলেন, নেতাদের চাপে বিশৃঙ্খলা এড়াতে তিনি ফাউন্ডেশনের মেলার উদ্বোধনী অনুষ্ঠানের নিয়মকানুন ভঙ্গ করে আমন্ত্রণপত্রে স্থানীয় নেতা-কর্মীদের নাম দিতে বাধ্য হয়েছেন।
১৪ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন সাংসদ লিয়াকত হোসেন, সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক। এ ছাড়া আমন্ত্রণপত্রে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাসিমা আক্তার, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলী হোসাইন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার সোহেল রানা নাম রাখা হয়েছে।
রবীন্দ্র গোপ জানান, এবারের উৎসব ও মেলায় কারুপণ্য উৎপাদন ও প্রদর্শনীর ২৭টি স্টলসহ হস্তশিল্পের ৪৬টি, পোশাকের ৪৩টি, স্টেশনারি ৩৫টি, খাবারের ২৫টি ও মিষ্টি জাতীয় পণ্যের ১৭টি স্টল বরাদ্দ করা হয়েছে।