সোনারগাঁয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল বৃহস্পতিবার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের লোকজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
সংঘর্ষের একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। উদ্ভূত পরিস্থিতিতে কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাটির নাম অনন্ত ড্যানিম লিমিটেড। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলে অবস্থিত। কারখানাটির শ্রমিকেরা বলেন, বেতন-ভাতা বাড়ানো ও ঐচ্ছিক ছুটির দাবিতে গতকাল বেলা ১১টায় প্রায় চার হাজার শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এ সময় কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সুশান্ত কুমার পাল নারী শ্রমিক আলেয়া আক্তারকে বিক্ষোভ বন্ধ না করায় চড়-থাপ্পড় মারেন। তখন অন্য শ্রমিকেরা উত্তেজিত হয়ে সুশান্ত কুমার পাল, হিসাবরক্ষক মাঈন উদ্দিন, শ্রীলঙ্কার নাগরিক প্রদীপ চন্দ্র নাথসহ পাঁচজন কর্মকর্তাকে মারধর করেন।
শ্রমিকেরা বলেন, এ ঘটনার পর কারখানার মালিকের পক্ষ নিয়ে স্থানীয় কাঁচপুর ইউনিয়নের যুবলীগের কর্মী বাবুল মিয়া, সুমন মিয়া ও অহিদ মিয়ার নেতৃত্বে শতাধিক যুবক দেশি অস্ত্র নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। এতে শ্রমিক তাছলিমা আক্তার, জাফর মিয়া, জাকিয়া বেগম, রুমা আক্তার, জোসনা আক্তার, রোকেয়া বেগম, শাহজাহান মিয়া, রুবেল মিয়াসহ কমপক্ষে ১৫ জন আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ঐচ্ছিক ছুটি দেয় না। বেতন-ভাতাও বাড়ানো হয় না দীর্ঘদিন।
অনন্ত ড্যানিম লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) সাখাওয়াত হোসেন শ্রমিকদের ওপর হামলার কথা অস্বীকার করেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান বলেন, উত্তেজিত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।