সোনারগাঁয়ে সাত নৌযানশ্রমিককে কুপিয়ে আহত, একজন নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে বালুবাহী ট্রলারে সাত শ্রমিককে কুপিয়ে আহত করেছে ডাকাতেরা। গত শুক্রবার গভীর রাতে নদীর চরকিশোরগঞ্জে ডাকাতিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলী মাতব্বর নামের এক শ্রমিক নিখোঁজ আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে সশস্ত্র ডাকাতেরা শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নদীতে চলাচলরত বিভিন্ন নৌযানের শ্রমিকদের হাত-পা বেঁধে টাকা, মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুটপাট শুরু করে। এ সময় মায়ের দোয়া নামে বালুবাহী একটি ট্রলারের শ্রমিকেরা ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাত দল নৌযানটির শ্রমিক আলী মাতব্বর (৫৫), মুরাদ মিয়া (৪৫), আলম মিয়া (৪৮), আসাদ মিয়া (৪২), ইসলাম মিয়া (৪১), সুজন মিয়া (৩৯) ও বিল্লাল হোসেনকে (৪১) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় তাঁদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে নদীতে ঝাঁপিয়ে পড়ার পর ওই ট্রলারের শ্রমিক আলী মাতব্বর নিখোঁজ হন।
আহত মুরাদ মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ডাকাত দলের হামলায় আমরা সাত শ্রমিক মারাত্মক আহত হই। আমাদের সহযোগী শ্রমিক আলী মাতব্বরকে অনেক খোঁজাখুঁজির পরও কোথাও পাওয়া যাচ্ছে না।’
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, ‘ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’