সোনারগাঁয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক তরুণের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ছাত্রীটির বাবা ওই তরুণের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে নবম শ্রেণির ওই ছাত্রী টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। একই গ্রামের এক তরুণ তাকে জোর করে ধরে নিয়ে যায়। টয়লেট থেকে ফিরে না আসায় বাড়ির লোকজন ছাত্রীটিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির অদূরে একটি রাস্তা থেকে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় রাতে তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে ছাত্রীটির বাবা বাদী হয়ে ওই তরুণকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা জন্য আজ বৃহস্পতিবার হাসপাতালে নেওয়া হবে।