সোনারগাঁয়ে সড়কের দুই পাশ দখল, নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মদনপুর-আড়াইহাজার সড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তালতলা এলাকায় সড়ক ও এর দুই পাশের সরকারি সম্পত্তি টিনের বেড়া দিয়ে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে একটি কারখানার বিরুদ্ধে। এ ঘটনায় ওই কারখানা কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, সোনারগাঁ, আড়াইহাজার, নরসিংদী সদর ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানুষ ঢাকা-মদনপুর-আড়াইহাজার সড়ক দিয়ে চলাচল করে। এ সড়কটিতে একসময় রেললাইন ছিল। ১৯৮৮ সালে সড়কটি থেকে রেললাইন তুলে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। বর্তমানে এ সড়ক ব্যবহার করে প্রতিদিন শত শত মানুষ, যাত্রীবাহী বাস, টেম্পো ও ব্যক্তিগত যানবাহন চলাচল করে। তা ছাড়া, এ সড়কপথে বহু মালবাহী ট্রাকও চলাচল করে।

এলাকাবাসী সূত্র জানায়, এক মাস আগে হঠাৎ করে বিআর টেক্সটাইল কম্পোজিট নামের একটি শিল্পকারখানার কর্তৃপক্ষ সড়কের দুই পাশে টিনের বেড়া দিয়ে রেলওয়ের প্রায় দুই বিঘা সম্পত্তি দখল করে নেয়। গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশ দখল হয়ে যাওয়ায় সড়কটি সরু হয়ে গেছে। ফলে যানবাহন চলাচল করছে ধীরগতিতে।

আড়াইহাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চালক আমান উল্লাহ বলেন, ‘দুই পাশ দখল হয়ে সড়ক সরু হয়ে গেছে। এখানে আমাদের ধীরগতিতে চলতে হয়। অনেক সময় এ স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।’

জানতে চাইলে বিআর টেক্সটাইল কম্পোজিটের ব্যবস্থাপক রুমান মিয়া বলেন, ‘আমার কোম্পানি রেলওয়ের সম্পত্তি লিজ (ইজারা) এনেছে। তাই আমরা সড়কের দুই পাশে টিনের বেড়া দিয়েছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত বলেন, ‘সরকারি সম্পত্তি দখলের অভিযোগের সত্যতা পেয়ে আমরা কারখানা কর্তৃপক্ষকে টিনের বেড়া সরিয়ে নিতে নোটিশ দিয়েছি। নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’