সোনারগাঁয়ে সড়কের মাটি কেটে লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গজারিপাড়ায় সড়কের মাটি কেটে এলাকার কয়েকজন বাড়ির নিচু জায়গা ভরাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অবিলম্বে সড়কের মাটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, উপজেলার গজারিপাড়া বাগানবাড়ি থেকে গণকবাড়ি মসজিদ পর্যন্ত সড়কটি স্থানীয় সাদিপুর ইউনিয়ন পরিষদের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় তিন বছর আগে নির্মাণ করা হয়। ওই গ্রামের প্রভাবশালী সুজলা করিম ও জজ মিয়া গত মাসে এ সড়কের মাটি কেটে নিজেদের বাড়িঘরের নিচু জায়গা ভরাট করেন। পরে স্থানীয় গজারিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি জানান এবং পাশাপাশি সরকারি সড়কের ক্ষতিসাধন করে জনগণের চলাচল বন্ধ করে দেওয়ায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শাহজাহান মিয়া বলেন, ক্ষমতার দাপটে এ ধরনের কাজ করা হয়েছে। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) রোববার ঘটনাটি তদন্ত করেন। এরপর অবিলম্বে সড়কের মাটি ফিরিয়ে দিতে সুজলা করিম ও জজ মিয়াকে নির্দেশ দেন।