সোনারগাঁয়ে হিন্দু পরিবারের বাড়ি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী এলাকার কিছু যুবক এক হিন্দু পরিবারের বাড়ি দখল করে নেওয়ার চেষ্টা করেছেন। এ ঘটনায় গতকাল রোববার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী বলেন, ওই বাড়িটি উপজেলার বারদী ইউনিয়নের ওরলাপুর গ্রামের শিশির দাসের। পাশের সেনপাড়া গ্রামের মজিবুর রহমান, কামাল হোসেন, চান বাদশা ও রিপন হোসেনের নেতৃত্বে একদল যুবক গতকাল তাঁর বাড়ির একাংশ দখল করে সেখানে সীমানাপ্রাচীর তোলার কাজ শুরু করেন। এ ঘটনায় শিশির দাস থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও প্রাচীর তোলার কাজ বন্ধ করে দেয়। এ সময় দখলদারেরা পালিয়ে যান।
শিশির দাস অভিযোগ করেন, ওরলাপুর গ্রামের ওই বাড়ি তাঁর পৈতৃক সম্পত্তি। এর ১৫ শতাংশ জমি মজিবুর রহমানের নেতৃত্বে তাঁর লোকজন দখল করে নেন। তাঁরা জমি দখলের জন্য ভুয়া দলিলও তৈরি করেছেন। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে আদালতে মামলা করেছেন। বর্তমানে মামলাটি বিচারাধীন।
মজিবুর রহমান বলেন, ‘ওই সম্পত্তি আমি কিনেছি। ওই বাড়ির প্রকৃত মালিক হয়েই দখল করতে গিয়েছিলাম।’