সোনালী ব্যাংকে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বাগেরহাটে সোনালী ব্যাংক রেলরোড শাখা থেকে গ্রাহকদের তিন কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাগেরহাট মডেল থানায় ব্যাংকের ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক খান বাবলু রহমান।
গত এক মাস ধরে শেখ মাহফুজুর আত্মগোপনে আছেন। তবে অজ্ঞাত স্থান থেকে গত সপ্তাহে এই প্রতিবেদকের সঙ্গে মোবাইলে আলাপকালে তিনি দাবি করেন, এত টাকা তিনি একা নেননি। তাঁর সঙ্গে ব্যাংকের ওই শাখার একজন সিবিএ নেতা ও একজন শাখা ব্যবস্থাপকসহ আরও তিন-চারজন কর্মকর্তা জড়িত।
শেখ মাহফুজুর ২০১২ সালের ১০ জানুয়ারি এই শাখায় যোগ দেন। বাগেরহাট সদরের সরুই গ্রামে তাঁর বাড়ি।
তদন্তের জন্য মামলাটি আজ শনিবার বা কাল রোববার দুর্নীতি দমন কমিশনের খুলনায় সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১২ সালের ২ আগস্ট থেকে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে গ্রাহকের স্বাক্ষর জাল করে শাখা ব্যবস্থাপকের মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করে ওডি (ওভার ড্রাফট) হিসাবের সীমা বৃদ্ধি করে, গ্রাহকের নামে চেক বই ইস্যু করে, ১১০ জন গ্রাহকের হিসাব থেকে এই তিন কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা আত্মসাৎ করা হয়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক খান বাবুল হোসেনের তথ্যমতে, ব্যাংকের নিয়মিত নিরীক্ষা (অডিট) চলাকালে গত ৩ সেপ্টেম্বর নিরীক্ষা দল ঋণ ও অগ্রিম বিভাগের দায়িত্বে থাকা মাহফুজুর রহমানের কাছে ওডি ঋণ বিষয়ক নথি দেখতে চান। কিন্তু তিনি তাদের সহযোগিতা না করে আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়েছেন বলে সেখানে যাওয়ার জন্য শাখা ত্যাগ করেন। কর্তৃপক্ষ পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে, মৃত্যু-সংবাদটি সঠিক নয়। ওই কর্মকর্তার আচরণে সন্দেহ হওয়ায় ওডি ঋণের ওই হিসাবগুলো নিরীক্ষক দল নিরীক্ষা করলে বিশাল এই জালিয়াতি ধরা পড়ে। ওই কর্মকর্তা অদ্যাবধি আত্মগোপনে রয়েছেন।
বাবুল হোসেন জানান, ঘটনা তদন্তে সংশ্লিষ্ট শাখা ছাড়াও আঞ্চলিক ব্যবস্থাপকের কার্যালয় ও খুলনার মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে পৃথক তদন্ত দল গঠন করা হয়। প্রায় এক মাস ধরে তদন্ত শেষে নিরীক্ষা করা ১১০ জন গ্রাহকের হিসাব থেকে তিন কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা আত্মসাতের পূর্ণাঙ্গ হিসেব বের হয়।
ঘটনার পর ব্যাংক থেকে শেখ মাহফুজুরের মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর মা প্রমাণ সাপেক্ষে সমুদয় টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করেন। একপর্যায়ে তিনি কয়েক দফায় ৩৫ লাখ টাকা ব্যাংক ব্যবস্থাপক বরাবর পে-অর্ডার করে জমা দেন। সর্বশেষ গত সপ্তাহে তাঁকে (মাহফুজুরের মা) জালিয়াতির মোট টাকার অঙ্ক জানানো হয় এবং টাকা ফেরত দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় গতকাল এ মামলা করা হয়।
আত্মগোপনে থাকা শেখ মাহফুজুরের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ মোবাইলে ও ই-মেইলে যোগাযোগ করেছে। তিন দফায় তাঁকে কাজে যোগ দেওয়ার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তিনি সড়ক দুর্ঘটনায় আহত ও অসুস্থতার কথা বলে কাজে যোগ দেননি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বলেন, মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ আলামত হিসেবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা, ১১০টি চেকের ফটোকপি ও ভাউচার থানায় জমা দিয়েছে। মামলাটি তদন্তের জন্য আজ-কালের মধ্যে দুর্নীতি দমন কমিশনের খুলনার সজেকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।