বরগুনার পাথরঘাটা শাখা সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. সামসুল হক ও মাঠকর্মী গোলাম সরোয়ারসহ সাতজনের বিরুদ্ধে কৃষিঋণ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।
গত ২২ ডিসেম্বর মো. আবুল বাশার নামে এক ব্যক্তি পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ ব্যাপারে আরজি পেশ করেন। গত সোমবার পাথরঘাটা থানায় মামলাটি রুজু হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, মামলার বাদী মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা মো. আবুল বাশারের নামে গত ৭ আগস্ট পাথরঘাটার সোনালী ব্যাংক থেকে ভূয়া কৃষিঋণ উত্তোলন করা হয়। ওই ঋণের ৩০ হাজার টাকা সোনালী ব্যাংকের স্থানীয় পাঁচ দালাল ও মাঠকর্মী গোলাম সরোয়ারের সহযোগিতায় পাথরাঘাটা শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে বরগুনা কোর্ট বিল্ডিং শাখার নির্বাহী কর্মকর্তা) মো. সামসুল হক আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে সাবেক ব্যবস্থাপক মো. সামসুল হক বলেন, মামলা হয়ে থাকলে আদালত এর ফয়সালা দেবেন।