সোনালী ব্যাংকের ডিজিএম-এজিএমসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
৬ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সোনালী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এবং সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তাঁরা হলেন ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার (মতিঝিল) সাবেক ডিজিএম বাকী বিল্লাহ, একই শাখার এজিএম মো. আবদুল হাই, রাহান গার্মেন্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সরওয়ার এম কামাল, একই প্রতিষ্ঠানের পরিচালক সাইদুর ইসলাম খান এবং আবু সাইদ শাহরিয়ার আহমেদ।
২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন উপপরিচালক (বর্তমানে পরিচালক) মীর মো. জয়নুল আবেদীন শিবলী। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা থেকে মূল রপ্তানি ঋণপত্রের (এলসি) মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও এবং শিপমেন্টের তারিখ নেই জেনেও দুটি রপ্তানি বিল কিনে ৬৬ লাখ ১৬ হাজার ৫২৮ টাকা আজ পর্যন্ত পরিশোধ না করে আত্মসাৎ করেছেন; যা সুদসহ ৬ কোটি ১৭ লাখ ৪১ টাকায় দাঁড়িয়েছে।
মামলার তদন্ত করেন উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহম্মদ। তদন্তে এজাহারভুক্ত পাঁচজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। এ পরিপ্রেক্ষিতে কমিশন এ অনুমোদন দেয়।