সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের মতিঝিল স্থানীয় শাখার সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে।

যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁরা হলেন, সোনালী ব্যাংক মতিঝিলের স্থানীয় শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা, বর্তমানে সোনালী ব্যাংক কুমিল্লার দেবীদ্বার শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন, স্থানীয় শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা, বর্তমানে সোনালী ব্যাংক এনসিটিবি শাখার নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন এবং অলি নীটিং ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আফরোজ।

দুদক সূত্র জানায়, রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে জালিয়াতি করে অলি নীটিং ফেব্রিকস ৪ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৭৯০ টাকা আত্মসাৎ করেছে। রপ্তানি আয়ের শতভাগ দেশে আসার পর প্রণোদনা পাওয়ার নিয়ম থাকলেও অলি নীটিং পুরো টাকা ফেরত না এনেই প্রণোদনার টাকা তুলে নিয়েছে। এ ক্ষেত্রে দুই ব্যাংক কর্মকর্তা পুরো টাকা দেশে এসেছে বলে সনদ দিয়েছেন।

আগামীকাল বুধবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী রাজধানীর মতিঝিল থানায় মামলা করবেন বলে দুদক সূত্র জানিয়েছে।