সোনালী ব্যাংকের সাবেক ডিজিএমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭২টি ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে ঋণ নিয়ে প্রায় সাড়ে ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক দুই উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

যাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাঁরা হলেন—সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ করপোরেট শাখার সাবেক ডিজিএম চৌধুরী আবদুল হান্নান ও সৈয়দ আহমেদ মিজি, সাবেক প্রিন্সিপাল অফিসার মো. নূরুজ্জামান, মেসার্স সিয়াম নিটওয়্যারের মালিক মো. হাবিবুর রহমান ও মেসার্স তাহা নিট কনসার্নের মালিক খন্দকার হারুন অর রশিদ।

দুদক সূত্র জানায়, ২০০৬ সালের ২ জানুয়ারি থেকে ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত সিয়াম নিটওয়্যার ৪৪টি ব্যাংক টু ব্যাংক এলসির বিপরীতে ২৫ কোটি পাঁচ লাখ ৩৪ হাজার ৩৯ টাকা ঋণ নেয়। এর মধ্যে ২১ কোটি ৩৮ লাখ ছয় হাজার ৬৫৪ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করে।

অনুসন্ধানে দুর্নীতির এ অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. হাবিবুর রহমান, সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ করপোরেট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মো. নূরুজ্জামান ও সাবেক ডিজিএম চৌধুরী আবদুল হান্নানের বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দেয় দুদক।

একই সময়ে মেসার্স তাহা নিট কনসার্ন ২৮টি ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে সোনালী ব্যাংকের ওই শাখা থেকে ৭ কোটি ৯২ হাজার ৮১২ টাকা নেয়। এর মধ্যে পাঁচ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ৪৯৩ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করা হয়। অনুসন্ধানে প্রতিষ্ঠানের মালিক খন্দকার হারুন অর রশিদ, সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ করপোরেট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মো. নূরুজ্জামান ও সাবেক ডিজিএম সৈয়দ আহমেদ মিজির বিরুদ্ধে আরেকটি মামলার অনুমোদন দেওয়া হয়। শিগগিরই এঁদের বিরুদ্ধে মামলা করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।