সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার প্রায় পৌনে দুই কেজি সোনাসহ ভারতের এক নাগরিককে গ্রেপ্তার করেছে শুল্ক বিভাগ। গ্রেপ্তার এই ব্যক্তি হলেন মুকেশ কুমার। শুল্ক বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার মূল্য ৮৫ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান প্রথম আলোকে বলেন, মুকেশ বিকেল সোয়া পাঁচটায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন। তাঁকে তল্লাশি করে কোমরের বেল্টের ভেতরে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। এ ছাড়া মুকেশের বাঁ হাতে ছিল একটি সোনার বালা। বালাটির ওজন সাড়ে তিন শ গ্রাম। শুল্ক বিভাগকে ফাঁকি দিতে বালার ওপর রুপালি রঙের প্রলেপ দেওয়া হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১ কেজি ৭৫০ গ্রাম।
সোহেল রহমান আরও বলেন, মুকেশের পাসপোর্ট তল্লাশি করে জানা গেছে, ভারতের দিল্লির অধিবাসী হলেও প্রায়ই দুবাই থেকে ঢাকায় যাতায়াত করেন তিনি। এর আগে বহুবার নিজ দেশে না গিয়ে সরাসরি তিনি ঢাকায় এসেছেন। একইভাবে বাংলাদেশ থেকে চলে যেতেন দুবাই।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।