নয় জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী অভিযান চলাকালে গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকাসহ নয় জেলায় ‘বন্দুকযুদ্ধে’ আরও ১২ জন নিহত হয়েছেন। পুলিশ ও র‍্যাব বলেছে, নিহত প্রত্যেকেই মাদক ব্যবসায়ী। তাঁদের মধ্যে আটজন পুলিশের সঙ্গে একজন র‍্যাবের সঙ্গে আর বাকিরা মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হন।

সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরুর পর এ নিয়ে ১৫ দিনে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১১৪। তাঁদের মধ্যে ১০৭ জনই মাদক ব্যবসায়ী বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি। ঘটনাস্থলগুলো থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করার দাবি করেছে পুলিশ ও র‍্যাব।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যত দিন না মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণে আসবে, তত দিন পর্যন্ত এ অভিযান চলবে। এটি নিয়মিত অভিযান। মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই ‘যুদ্ধ’ অব্যাহত থাকবে।


প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর


ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলির’ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম সুমন মিয়া ওরফে খুকু সুমন। গতকাল রাত সোয়া ১২টার দিকে দক্ষিণখান থানা এলাকার আশিয়ান সিটি মাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের দাবি, খুকু সুমন দক্ষিণখান এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় দক্ষিণখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন ও কনস্টেবল শাখাওয়াত আহত হয়েছেন।

কুমিল্লা: মুরাদনগর উপজেলায় পুলিশের সঙ্গে দুইজন ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন মো. লিটন ওরফে কানা লিটন (৪৩) ও আবদুল বাতেন (৩৪)। গতকাল রাত সাড়ে ১২টায় গোমতী নদীর বেড়িবাঁধের গুঞ্জর এলাকায় ভাই ভাই ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। লিটনের বাড়ি উপজেলার পৈয়াপাথর গ্রামে। তিনি ওই গ্রামের আবদুস সামাদের ছেলে। তাঁর বিরুদ্ধে মুরাদনগর থানায় সাতটি মাদকের মামলা রয়েছে। বাতেনের বাড়ি একই উপজেলার বাখরনগর গ্রামে। তিনি ওই এলাকার সহিদ মিয়ার ছেলে। বাতেনের বিরুদ্ধে আটটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ দাবি করছে।

ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ জনি মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর নাম জনি। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে পৌর এলাকার খালাজোড়ার আনোয়ারপুর রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, নিহত জনি মাদক কারবারি, চোরাচালানি ও ডাকাত ছিলেন। সহযোগীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। তাঁর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। জনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার খাইয়ার গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।

বরগুনা: বেতাগী উপজেলায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফিরোজ মৃধা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের দক্ষিণ কুমড়াখালী এলাকায় গতকাল দিবাগত রাত ৩টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ফিরোজ বেতাগী পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ফিরোজ এলাকায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর নামে বেতাগী থানায় ৯টি মাদক মামলা রয়েছে।

ঠাকুরগাঁও: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হারুন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পাঁচঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, হারুন মাদক ব্যবসায়ী। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে।

সাতক্ষীরা: কলারোয়া উপজেলার চিতলা এলাকা থেকে পুলিশ আনিসুর রহমান (৪২) নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি দেয়াড়া ইউপির পাকুড়িয়া গ্রামে। কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথের ভাষ্য, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এরপর পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। এতে মাদক ব্যবসায়ীর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে লাশ উদ্ধার হয়। ওসি জানান, আনিসুর একজন ইয়াবা ব্যবসায়ী। তাঁর নামে কলারোয়া থানায় ১০টি মামলা রয়েছে।

যশোর: রাত তিনটার দিকে শহরের চাঁচড়া রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ‘গোলাগুলি’তে দুজন নিহত হন। তাঁরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের জাহান আলীর ছেলে আছর আলী (৫৬) ও শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে মানিক (২৬)।
যশোর কোতোয়ালি থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, শহরের চাঁচড়া রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রেতারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশের দুজনের লাশ উদ্ধার করে।

কুষ্টিয়া: দৌলতপুরের শেহালা মাঠে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুকাদ্দেস আলী (৪২) ও ফজলুর রহমান ওরফে টাইটেল (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী জানান, নিহত প্রত্যেকের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অন্তত ৮টি করে মামলা রয়েছে। মুকাদ্দেস উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তসংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের ছেলে এবং ফজলুর প্রাগপুর বাজারের মৃত ইয়াকুব আলীর ছেলে।

ময়মনসিংহ: ভালুকা উপজেলায় গতকাল রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মিজান (৪০)। বাড়ি উপজেলার কাচিনা গ্রামে। গতকাল গভীর রাতে হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও চটনপাড়া সামাদ ফকির বাড়ির পাকা রাস্তার পাশে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।