সাতক্ষীরায় এক পোস্টমাস্টারের বিরুদ্ধে গ্রাহকদের স্থায়ী আমানত (এফডিআর), পারিবারিক সঞ্চয়পত্র ও পেনশন সঞ্চয়পত্রের প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সঞ্চয়পত্র বিক্রির ২৫ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জেলার দেবহাটা উপজেলার ভুক্তভোগী ৩৫ জন গ্রাহক দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে টাকা ফেরত পাওয়ার আশায় মহাপরিচালক, বাংলাদেশ পোস্ট অফিস, উপমহাপরিচালক খুলনা বিভাগীয় পোস্ট অফিস, সাতক্ষীরা জেলা প্রশাসক, দেবহাটা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন জায়গায় আবেদন করেছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা।
পোস্টমাস্টার নজরুল ইসলাম চলতি বছর দেবহাটা থেকে নলতা পোস্ট অফিসে বদলি হন। সেখানে তাঁর বিরুদ্ধে সঞ্চয়পত্র বিক্রির ২৫ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১০ সেপ্টেম্বর তিনি জামিনে ছাড়া পান।
সাতক্ষীরা জেলা পোস্ট অফিস সূত্রে জানা যায়, ২০১১ সালের ১১ নভেম্বর নজরুল ইসলাম দেবহাটা উপজেলা পোস্টমাস্টার হিসেবে যোগদান করেন। চলতি বছর ৫ জানুয়ারি তাঁকে কালীগঞ্জ উপজেলার নলতা পোস্ট অফিসে সাব-পোস্টমাস্টার হিসেবে বদলি করা হয়। ২৯ মার্চ সেখানে তিনি যোগ দেন। ৭ এপ্রিল ধরা পড়ে সঞ্চয়পত্র বিক্রির ২৫ লাখ ৩৮ হাজার টাকা তিনি নলতা সাব-পোস্ট অফিস থেকে আত্মসাৎ করেছেন। ওই দিনই তাঁকে আটক করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। টাকা আত্মসাতের অভিযোগে ওই দিনই কালীগঞ্জ উপবিভাগীয় পোস্ট অফিসের পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।
দেবহাটা উপজেলা পোস্টমাস্টার মোকাব্বের আলী বলেন, নজরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন জানতে পেরে ওই দিন থেকে গ্রাহকেরা দেবহাটা পোস্ট অফিসে আসতে থাকেন। গ্রাহকেরা আমানতের খোঁজ নিতে এলে জানা যায়, ৩৫ জন গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন নজরুল ইসলাম।
দেবহাটার আজিজপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মাজেদ গাজী বলেন, ৩৫ জন গ্রাহকের পক্ষে এক কোটি টাকা ফেরত চেয়ে সর্বশেষ ৯ সেপ্টেম্বর দেবহাটা পোস্টমাস্টার বরাবর আবেদন করা হয়েছে। সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তাঁরা আন্দোলনে যাবেন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।
দেবহাটার সুশীলগাতি গ্রামের সন্ধ্যা রানী পাল বলেন, ‘মেয়ের বাড়িতে থাকি। পাঁচ কাঠা জমি ছেল, ব্যেচে ১ লাখ ৫০ হাজার টাকার পোস্ট আফিস থ্যাকি পারিবারিক সঞ্চয়পত্র কিনেলাম। মাসে মাসে যা মুনাফা পাই তা দে স্বামী-স্ত্রীর খরচ করে আসতিলাম। ছয় মাস মুনাফা পাতিছিনে। কচ্ছে তোমার টাকা মেরে নজরুল চলে গে। এ টাকা না পেলে আমাগো গলায় দড়ি দে মরা ছাড়া উপায়নি।’
সাতক্ষীরা জেলা পোস্টমাস্টার শাখাওয়াৎ হোসেন বলেন, ৭ এপ্রিল প্রথম নলতা পোস্ট অফিসে টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। খুলনা বিভাগীয় পোস্ট অফিস থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এক হাজারের ওপরের গ্রাহককে নোটিশ দেওয়া হয়েছে। সরকারি ২৫ লাখ টাকাসহ প্রায় সোয়া কোটি টাকা আত্মসাতের ঘটনা প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে।
তদন্ত দলের সদস্য কাজী এ এইচ এম নুরুন্নবী বলেন, প্রাথমিক তদন্তে ১৪ জন গ্রাহকের ২২টি পেনশন সঞ্চয়পত্র ও পারিবারিক সঞ্চয়পত্রের বিপরীতে ৫৬ লাখ ৫০ হাজার টাকা দেবহাটা পোস্ট অফিস থেকে নজরুল ইসলাম আত্মসাৎ করেছেন। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রি করে জমা না দিয়ে তিনি সরকারি ২৫ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ ও দেবহাটা থানায় দুটি মামলা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী গ্রাহকের ৫৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।