সোয়া কোটি টাকার হদিস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের তহবিল তছরুপের অভিযোগ পাওয়া গেছে। কলেজের অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনে (অডিট রিপোর্ট) প্রায় সোয়া কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। শিক্ষার্থী ভর্তি ও পরীক্ষা ফিসহ ২৩টি খাতে ওই টাকা জমা দেওয়া হয়েছিল।
কলেজের অধ্যক্ষ মো. বদরুজ্জামান চৌধুরী বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছেন একাধিকবার। গত তিন মাসেও কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর।
বৃন্দাবন সরকারি কলেজ সূত্রে জানা গেছে, বৃন্দাবন কলেজটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়। এর স্নাতক, সম্মান ও স্নাতকোত্তর কোর্সে মোট শিক্ষার্থী ১৫ হাজার ৯৮০ জন। কলেজের বর্তমান অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী গত ৬ এপ্রিল দায়িত্ব
নিলেও কলেজের তহবিলসংক্রান্ত দায়িত্ব তিনি নেননি।
অধ্যক্ষের তহবিলবিষয়ক দায়িত্ব না নেওয়ার কারণ অনুসন্ধানে জানা গেছে, কলেজের অভ্যন্তরীণ ৩১টি খাত রয়েছে। এসব খাতের বিপরীতে ২৬টি ব্যাংক হিসাব রয়েছে সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখায়। তিনি ব্যাংক হিসাব বিবরণী উত্তোলন করে তাতে আর্থিক অনিয়ম খোঁজে পান। পরে অধ্যক্ষ বিষয়টি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন করেন এবং একই কলেজের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি নিরীক্ষা কমিটি গঠন করেন।
গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত ১০ মাস কলেজের লেনদেনের হিসাব নিরীক্ষা করে ওই কমিটি। সে অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ৩১টি খাতে ২ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ১৮১ টাকা স্থিতি থাকার কথা। কিন্তু বিভিন্ন ব্যাংক হিসাবে জমা ছিল মাত্র ১১ লাখ ১২ হাজার ৮১৩ টাকা। ওই সময়ে ১ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৯৫৭ টাকার লেনদেন হয়েছে। কিন্তু ১ কোটি ১৮ লাখ ৪১১ টাকা ব্যাংকের হিসাবে জমা হয়নি বা এর কোনো হদিসও পাওয়া যাচ্ছে না।
নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখযোগ্য অনিয়মের বিষয়ে বলা হয়, স্নাতক প্রথম বর্ষের ১৪০০ শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষা ফি বাবদ নেওয়া হয় ৩৫ লাখ টাকা। এই খাতে কোনো টাকা জমা হয়নি। স্নাতক (সম্মান) কোর্সের ১৩০০ শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফি বাবদ ৩০ লাখ এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাছ থেকে আরও আট লাখ টাকাসহ মোট ৭৩ লাখ টাকা ব্যাংকে জমা থাকার কথা থাকলেও সেই টাকাও জমা নেই।
নিরীক্ষা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১৩ সালে স্নাতক পরীক্ষা দেওয়ার জন্য তিন হাজার আট শ শিক্ষার্থী ফরম পূরণ করেন। সরকারি নিয়ম অনুয়ায়ী জনপ্রতি ৭০০ টাকা করে নেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ ১১০০ টাকা করে নেন। এই হিসেবে বিশ্ববিদ্যালয়ের তহবিলে ৪১ লাখ ৮০ হাজার টাকা জমা থাকার কথা। কিন্তু সেখানে জমা আছে মাত্র আট লাখ টাকা। সবচেয়ে আলোচিত বিষয় শিক্ষার্থীদের কাছ থেকে চলতি শিক্ষাবর্ষে বেতন বাবদ আদায় করা ২০ লাখ টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হওয়ার কথা থাকলেও তা জমা হয়নি। নিরীক্ষা কমিটি গত ৮ জুন তাদের প্রতিবেদন অধ্যক্ষের কাছে জমা দেন। অধ্যক্ষ ১১ জুন শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন পাঠান।
নিরীক্ষা কমিটির আহ্বায়ক নুরুল ইসলামের মতামত জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কথা বলার তাঁর কোনো এখতিয়ার নেই ।
দুজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই অনিয়মের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন ক্যাশিয়ার বাবুল মিয়া। তিনি দু-তিনজন শিক্ষককে নিয়ে একটি চক্র গঠন করেন। ওই চক্রই নানা প্রলোভন দেখিয়ে সাবেক অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্যকে সম্পৃক্ত করেন তাঁদের এ প্রক্রিয়ার সঙ্গে। তাঁরাই এ অর্থ প্রতিষ্ঠানের তহবিলে না রেখে নানা ব্যবসায় বিনিয়োগ করেন।
অধ্যক্ষ মো. বদরুজ্জামান চৌধুরী বলেন, তিনি যেসব অনিয়ম পেয়েছেন তা শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে একাধিকবার জানিয়েছেন ।
সদ্যবিদায়ী অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য বলেন, তিনি প্রতারণার শিকার। কলেজের ক্যাশিয়ার বাবুল মিয়া এ সমস্যা সৃষ্টি করেছেন। তিনি ছলচাতুরী করে অনেক সময় তাঁর কাছ থেকে চেকবইয়ে স্বাক্ষর নেন। কখন সে এই অনিয়মে তাঁকে জড়িয়েছে, তিনি তা আঁচ করতে পারেননি।
ক্যাশিয়ার বাবুল মিয়া কলেজের বিভিন্ন তহবিলের টাকা ব্যাংকে জমা না দেওয়া এবং ওই টাকা ব্যবসায় বিনিয়োগ করার অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজে কী দুর্নীতি হয়েছে তা তাঁর জানা নেই। কলেজের অধ্যক্ষ ও নিরীক্ষা প্রতিবেদন যাঁরা দিয়েছেন, তা তাঁরাই ভালো জানেন।