সোয়া তিন কোটি টাকার দরপত্রে সমঝোতায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরসভার সোয়া তিন কোটি টাকার কাজ পাওয়ার জন্য ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের বিরুদ্ধে। পৌরসভার এ কাজের জন্য মোট ১৩টি দরপত্র বিক্রি হলেও জমা হয়েছে মাত্র তিনটি।
পৌরসভার কর্মকর্তারা বলেন, হবিগঞ্জ শহরের পিটিআই সড়কে একটি কিচেন মার্কেট নির্মাণের জন্য হবিগঞ্জ পৌরসভা দরপত্র আহ্বান করে। বাংলাদেশ মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এতে অর্থ সহায়তা করবে। জুনের প্রথম সপ্তাহে ৩ কোটি ২৫ লাখ টাকার এ কাজের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৩টি দরপত্র বিক্রি হয়। দরপত্র জমার শেষ দিন ছিল গতকাল বুধবার। সময় শেষে বাক্স খুলে দেখা যায় মাত্র তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে।
দরপত্র ক্রয়কারী পৌরসভার চারজন ঠিকাদার অভিযোগ করেন, শহরে রাজনৈতিকভাবে প্রভাবশালী একাধিক ঠিকাদার তাঁদের আগ থেকেই ভয় দেখিয়ে আসছিলেন। পরে ওই প্রভাবশালী ঠিকাদারেরা তাঁদের কাছ থেকে সব দরপত্র নিয়ে গেছেন। পরে তাঁরা নিজেদের মধ্যে সমঝোতা করে তিনটি দরপত্র জমা দিয়েছেন। এমনকি অন্য ঠিকাদারেরা যাতে কোনোভাবেই দরপত্র জমা না দিতে পারেন, সে জন্য তাঁরা সকাল থেকে পৌরসভার প্রকৌশলীর কার্যালয়ে বসে ছিলেন।
গতকাল বেলা একটায় হবিগঞ্জ পৌর কার্যালয়ে গিয়ে দেখা যায়, নির্বাহী প্রকৌশলীর কক্ষে নির্বাহী প্রকৌশলী মধুসূদন দাস ও বিএমডিএফের দুজন প্রতিনিধি বসে আছেন। তাঁদের সঙ্গে কথা বলছেন রাজনৈতিকভাবে প্রভাবশালী একজন ঠিকাদার। আর কক্ষের বাইরে জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন ঠিকাদার। এ সময় নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, সমঝোতাকারীরা আগেই জোর করে তাঁদের দরপত্র নিয়ে গেছেন। এ কারণে তিনিসহ জেলার বাইরের কোনো ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি।
নির্বাহী প্রকৌশলী মধুসূদন দাস বলেন, যাচাই-বাছাইয়ের পর দরপত্রের কার্যাদেশ ঢাকা থেকে দেওয়া হবে। তাঁরা শুধু দরপত্র জমা নিয়েছেন। তবে তিনি ১৩টি দরপত্র বিক্রি হওয়ার কথা নিশ্চিত করেন।