সোয়া দুই কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ভাষ্য, আজ সোমবার সকালে সোনার বারগুলো আটক করা হয়। একেকটি বারের ওজন ১০ তোলা। দাম প্রায় দুই কোটি ২০ লাখ টাকা। আটক যাত্রীর নাম আনিস মিয়া।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওঠেন আনিস। ঢাকায় এসে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ওই যাত্রীকে তল্লাশি করা হয়। তাঁর জুতা ও প্যান্টের মধ্যে সোনার বারগুলো লুকানো ছিল।
এ ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।