সোহরাওয়ার্দী উদ্যান থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজ শনিবার শারমিন আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে শিশুটি নিখোঁজ ছিল।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার দিকে নাজিমুদ্দিন নামের এক ব্যক্তি সোহরাওয়ার্দী উদ্যানের কাছে পিডব্লিউডি কোয়ার্টারের পাশে একটি স্যানিটারি পাইপের ভেতর লাশটি পড়ে থাকার সংবাদ দেন। এরপর বেলা দেড়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এসআই মো. সোহেল রানা বলেন, যে পাইপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়, সেটির মুখ মাটি থেকে চার-পাঁচ ফুট ওপরে। তাই ধারণা করা হচ্ছে, শিশুটিকে মেরে কেউ সেখানে ফেলে দিয়েছে। শিশুটির গলায় জখম ছিল বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, সাহিদা বেগম নামে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে বসবাস করা এক নারী শিশুটির মা। তবে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। শিশুটির সৎবাবা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।