সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, ছাত্রলীগ কর্মীসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মীসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁদের উদ্যান থেকে আটক করা হয়। তাঁদের ছাড়িয়ে আনতে শাহবাগ থানায় যাওয়া দুই কর্মীকে পুলিশ আটক করলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।
আটক দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রলীগ কর্মী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মাহবুব আলম ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র পিয়াস চৌধুরী। মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন জিয়া হলের ছাত্রলীগ কর্মী ও স্বাস্থ্য অর্থনীতি বিভাগের মাহমুদুল হাসান এবং পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের মিরাজুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ও শাহবাগ থানা সূত্র বলেছে, মামলার বাদী মাজেদুন্নবী পারভেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দিরের দক্ষিণ পাশে বসে ছিলেন। তখন মাহবুবসহ পাঁচ-ছয়জন অস্ত্রের মুখে তাঁর তিন হাজার টাকাসহ মানিব্যাগ ও মুঠোফোন নিয়ে যায়। মানিব্যাগ দিতে না চাইলে ছিনতাইকারীরা তাঁকে বেধড়ক মারধর করে। ছিনতাইয়ের পর পারভেজ ছিনতাইকারীদের অনুসরণ করেন। একপর্যায়ে কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানালে পুলিশ মাহবুব ও পিয়াসকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর শাহবাগ থানায় জিয়া হলের দুজন ছাত্রলীগকর্মী গেলে তাঁদেরও আটক করে পুলিশ। পরে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়ে জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দিন খান বলেন, ‘মাহবুব আসলে ওইভাবে ছাত্রলীগ করে না। সে বলেছে, সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে উদ্যানে গিয়েছিল। পরে পুলিশ তাদের আটক করে। আর অন্য দুজন এই আটকের খবর পেয়ে থানায় গেলে তাদের শুধু শুধু আটক করা হয়।’