সোহেল রানার বাবা-মায়ের বিরুদ্ধে দুদকের মামলা
সাভারে ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানার বাবা ও মায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রমনা থানায় মামলা দুটি করেন। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, রানার বাবা আব্দুল খালেকের নামে ১০ কোটি ২৪ লাখ টাকা ও তাঁর মা মর্জিনা বেগমের নামে ৬ কোটি ৬৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তাদের দখলে থাকা সম্পদের তথ্য তাঁরা গোপন করেছেন। দুজনের নামে মোট ১৬ কোটি ৯১ লাখ টাকার সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
রানার বাবা ও মায়ের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে সাভার বাসস্ট্যান্ডে ধসে যাওয়া ভবনের ৫০ শতাংশ জমি, সাভার বাজার রোডে আট তলা বাণিজ্যিক ভবন, বাজার রোডের বি-৬৯ / ১ ঠিকানায় পাঁচ তলা আবাসিক ভবন, রানা প্লাজার পেছনে সুমি টাওয়ার নামে ছয় তলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে জয়মন্ডপ নামক জায়গায় দোতলা বাড়ি, রানা ব্রিকস, এমএকে ব্রিকস নামের দুটি প্রতিষ্ঠান ও রানা অয়েল মিল। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, এক্সিম ব্যাংকের সাভার বাজার শাখায় ৩৫ লাখ টাকার এফডিআর, ন্যাশনাল ব্যাংকের সাভার শাখায় তিনটি হিসাব এবং ব্র্যাক ব্যাংক সাভার বাসস্ট্যান্ড শাখায় দুটি হিসাবে থাকা অর্থ।
নির্মাণ ত্রুটির কারণে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে নয়তলা রানা প্লাজায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। আহত হন অনেকে। হতাহত মানুষদের বেশির ভাগই পোশাকশ্রমিক।
নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে রানার বাবা-মা, সংশ্লিষ্ট প্রকৌশলীসহ ১৭ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ জুন একটি মামলা করে দুদক। দুদক ইতিমধ্যে আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেছে।