সোয়া দুই ঘণ্টার ব্যবধানে দুই খুন
করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই বগুড়ার সোনাতলায় আজ শনিবার সোয়া দুই ঘণ্টার ব্যবধানে এক কলেজছাত্র ও এক গরু ব্যবসায়ী খুন হয়েছেন।
টাকাপয়সার লেনদেনকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন পারভেজ ইসলাম ওরফে সুমন (২৩) নামের এক কলেজছাত্র। আজ শনিবার বেলা দুইটার দিকে সোনাতলা উপজেলার হাটকরমজা বাজারে এই খুনের ঘটনা ঘটে। পারভেজ ইসলাম উপজেলার ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর বাদশার ছেলে এবং সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এদিকে ছাগলে লাউয়ের ডগা খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে প্রতিবেশীর কোদালের কোপে শফিকুল ইসলাম (৪২) নামের এক গরু ব্যবসায়ী খুন হয়েছেন। আজ সকাল ১০টার দিকে উপজেলার চকনন্দন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিতে গেলে দুপুর পৌনে ১২টার দিকে পথে তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উভয় ঘটনায় ছয়জনকে আটক করেছে।
বগুড়ার সোনাতলা থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের কলেজছাত্র পারভেজ পড়ালেখার পাশাপাশি একই গ্রামের ঘনিষ্ঠ বন্ধু ও বয়রা দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়া মাসুদ রানার (১৮) সঙ্গে মুঠোফোনের সিম কার্ডের ব্যবসা করতেন। ব্যবসার টাকাপয়সা লেনদেন নিয়ে তাঁদের মধ্যে বিরোধ বাধে। আজ হাটকরমজা বাজারে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে মাসুদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন পারভেজ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে ছাগলে লাউয়ের ডগা খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী খালেক মোল্লা ও ফারুক মোল্লার সঙ্গে শফিকুল ইসলামের ঝগড়া বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলা ও কোদালের আঘাতে আহত হন শফিকুল ইসলাম, তাঁর স্ত্রী লাভলী বেগম (৩৮), মা শামছুন নাহার বেওয়া (৬২), মেয়ে শান্তনা বেগম (২৪), ভাই বুলবুল আহম্মেদ, ভাতিজি মামুনী বেগমসহ (২২) কয়েকজন। আহতদের প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে শফিকুলের অবস্থার অবনতি হলে তাঁকে অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন মণ্ডল প্রথম আলোকে বলেন, কলেজছাত্রকে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাছাত্র মাসুদ রানা এবং গরু ব্যবসায়ীকে খুনের ঘটনায় ফারুক মোল্লাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আলাদাভাবে দুটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।