সৌদি আরবে গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম তাজুল ইসলাম।

সৌদি আরবের আলকাসিম এলাকায় গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রফিকুলের ভাই কামালউদ্দিন গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘রফিক ১৭ বছর ধরে সৌদি আরবপ্রবাসী। তিনি গাড়ি চালানোর পাশাপাশি একটি দোকান চালাতেন। রফিক যাঁর অধীনে ছিলেন, সেই নিয়োগকর্তার ভাগনে ৭ ডিসেম্বর (রোববার) বিকেল সাড়ে তিনটার দিকে তাঁকে গুলি করে হত্যা করেন। লাশ এখন হাসপাতালে আছে। তবে গুলি করার কারণ আমরা জানতে পারিনি।’

গতকাল আরব নিউজ, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আসরের নামাজের জন্য আজান দিতে দেরি হওয়ায় রফিককে গুলি করা হয়। এ ঘটনায় এক ভারতীয় নাগরিকও আহত হন। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ রফিককে মসজিদে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। হত্যার জন্য দায়ী সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আরব নিউজের খবরে যিনি গুলি করেছেন, তাঁকে মানসিক ভারসাম্যহীন বলা হয়েছে।

তবে কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই মোহাম্মদ ইব্রাহিমও সৌদিতে থাকেন। আমরা যোগাযোগ করে দেখেছি, ওই লোক পাগল নয়। এখন তাঁকে পাগল সাজানো হচ্ছে।’ তিনি জানান, তাঁর ভাই মুয়াজ্জিন ছিলেন না। তবে মাঝে মাঝে মহল্লার মসজিদে আজান দিতেন।

দেশে রফিকের স্ত্রী, সাড়ে পাঁচ বছর ও তিন বছর বয়সী দুটি ছেলে আছে। তারা ব্রাহ্মণবাড়িয়ায় থাকে।