সৌদি আরবে দুই বাংলাদেশি কর্মীর লাশ উদ্ধার
সৌদি আরবের রিয়াদ শহরের আল সাহাবিয়া মল এলাকা থেকে দুই বাংলাদেশি কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা সম্পর্কে পরস্পরের ফুপাতো-মামাতো ভাই। গত মঙ্গলবার সৌদি আরবের পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। এর এক সপ্তাহ আগে একজনের চাচাতো ভাই মারা যান।
গত মঙ্গলবার যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদগ্রামের আলী আজ্জমের ছেলে আবদুল হাই (৫০) ও সাইফুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (৪০)।
মারা যাওয়া দুজনের পারিবারিক সূত্র জানায়, আবদুল হাই ও জসিম কর্মী ভিসা নিয়ে তিন-চার বছর আগে সৌদি আরবে যান। তাঁরা রিয়াদের আল সাহাবিয়া মল এলাকার একটি বাড়িতে থাকতেন। আবদুল হাই এক এবং জসিম দুই সন্তানের জনক। তাঁদের সঙ্গে একই বাড়িতে থাকতেন জসিমের চাচাতো ভাই মো. লিটন। তিনি এক সপ্তাহ আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
জসিমের আরেক চাচাতো ভাই আবুল খায়ের বলেন, লিটনের লাশ সৌদি আরবের একটি হাসপাতালে রয়েছে। তাঁরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন, গত শনিবার লিটনের লাশ দেখতে হাসপাতালে যান জসিম। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত মঙ্গলবার বিকেলে বাসায় ঘুমিয়ে ছিলেন আবদুল হাই। ঘুমন্ত অবস্থায় তাঁকে গলা কেটে হত্যা করেন জসিম। পরে নিজের গলায় ছুরি চালালে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া বলেন, ঘটনাটি শোনার পর তিনি গতকাল বুধবার ওই তিনজনের বাড়িতে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নিয়েছেন।