সৌদি আরবে যেতে অনুপ্রবেশ!
বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে গেছে। গৃহ খাতে কর্মী নিতে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের চুক্তি স্বাক্ষরের পর অনুপ্রবেশের হার বেড়ে গেছে বলে মনে করছেন অনেকে।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, গৃহকর্মী পাঠানোর ব্যাপারে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে। এই সুযোগে বাংলাদেশের জাল পাসপোর্ট বানিয়ে সৌদি আরবে যেতে অনেক রোহিঙ্গা এখন অনুপ্রবেশ করছে বলে জানা গেছে। তিনি বলেন, সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হয়নি। রোহিঙ্গারা নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন বনাঞ্চল ও সমুদ্র উপকূলে বসতি শুরু করে। তারপর সুযোগ বুঝে বিদেশে পাড়ি জমায়।
আবু মোর্শেদ চৌধুরী বলেন, বর্তমানে জেলার বিভিন্ন স্থানে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।
বিজিবি সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১ হাজার ১৮৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
উখিয়া রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত রোহিঙ্গা অনুপ্রবেশ করছে।
বিজিবি সূত্র জানায়, গতকাল সোমবার সকালে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির সদস্যরা টেকনাফের শাহপরীর দ্বীপ, জালিয়ারদিয়া ও হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৮৮ জন রোহিঙ্গাকে আটক করেন। তারা মিয়ানমারের মংডু ও বুচিডং এলাকার বাসিন্দা।
আটক রোহিঙ্গা নারী ছলিমা বেগম সাংবাদিকদের বলেন, সৌদি আরবে যাওয়ার জন্য তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। কিন্তু তার পরও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে।
অনুসন্ধানে জানা যায়, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, মিস্ত্রিপাড়া, দক্ষিণপাড়া, নয়াপাড়া, সাবরাং, মৌলভিপাড়া, নাইটংপাড়া, দমদমিয়া, লেদা, জাদিমুরা, নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার বালুখালী, ঘুমধুম, রহমতের বিল, আঞ্জুমানপাড়াসহ সীমান্তের কমপক্ষে ৩৩টি স্থান দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এর মধ্যে কিছুসংখ্যক রোহিঙ্গা ধরা পড়ছে।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক রোহিঙ্গাদের মানবিক সেবা ও সাহায্য-সহযোগিতা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।