সৌদিতে অবৈধ শ্রমিকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৪ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ ক্ষমার মেয়াদ শেষে গত কয়েক দিন ধরে অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে সৌদি আরব। ফাইল ছবি: রয়টার্স
সাধারণ ক্ষমার মেয়াদ শেষে গত কয়েক দিন ধরে অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে সৌদি আরব। ফাইল ছবি: রয়টার্স

সৌদি আরবে বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত কয়েক দিনে অন্তত ২৪ হাজার বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত হাজারখানেক বাংলাদেশি থাকতে পারেন বলে বাংলাদেশের কূটনীতিকদের ধারণা।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশের একজন কূটনীতিক গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, সাধারণ ক্ষমার মেয়াদ শেষে গত কয়েক দিন ধরে অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে। ওই অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে সরকারি দৈনিক সৌদি গেজেট জানিয়েছে, আটক ২৪ হাজার বিদেশির মধ্যে ১৫ হাজার ৭০২ জন কাজের অনুমতিপত্রের (ইকামা), ৩ হাজার ৮৮৩ জন সীমান্ত আইন এবং ৪ হাজার ৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। আটক লোকজনের ৪২, ১৯, ১১, ৬ ও ৫ শতাংশকে যথাক্রমে মক্কা, রিয়াদ, আসির, জাজান ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে আটক করা হয়েছে।

আটক বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা জানতে চাইলে রিয়াদে নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, এই অভিযানে বাংলাদেশের কতজন নাগরিককে আটক করা হয়েছে, তা সৌদি সরকার এখনো জানায়নি। আটক বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা জানাতে এর মধ্যেই সৌদি সরকারকে কয়েক দফা অনুরোধ জানানো হয়েছে। সাধারণত সৌদি সরকার দূতাবাসকে একটি প্রতিবেদন দিয়ে থাকে। ওই প্রতিবেদনে বাংলাদেশিদের আটক করা হলে, সেটি উল্লেখ করা হয়।

জানা গেছে, বিভিন্নভাবে কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণসহ নানা কারণে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে এ বছর প্রায় ৪৫ হাজার লোককে ভ্রমণের অনুমতিপত্র দেওয়া হয়েছে। এঁদের মধ্যে বেশ কিছু লোক দেশে ফেরেননি। সম্প্রতি সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি সরকার দূতাবাসকে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানান, এ বছর প্রায় সাড়ে ৩ লাখ লোক কাজের জন্য সৌদি আরব গেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক গেছেন যাঁদের ইকামাসহ বিভিন্ন কাগজপত্রে অসংগতি ছিল। স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট সময় পর তাঁদের সৌদি আরবে অবস্থান করার সুযোগ নেই।

এ বছরের মার্চে সৌদি আরবে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে ৯০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। সে সময়ে অবৈধ বিদেশি নাগরিক ও শ্রমিকদের ৯০ দিনের ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করা হয়েছিল। এতে বলা হয়, দেশটিতে অনুমতি ছাড়া বসবাস, ইকামা বা সরকারি অনুমতি না নিয়ে কাজ করা এবং সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে। এই সময়ের মধ্যে অবৈধ ব্যক্তিরা কোনো শাস্তি ছাড়াই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। পরে ওই সাধারণ ক্ষমার মেয়াদ কয়েক দফা বাড়ানোর পর ১৫ নভেম্বর শেষ হয়েছে।