সৌদিতে মাদকসহ ধরা পড়লেন বিমানের দুই কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে মাদকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, আল মামুন শিশির ওরফে ফেরদৌস ও আরিফ পাঠান ওরফে রোহিত। দুজনই বিমানের ফ্লাইট স্টুয়ার্ট পদে রয়েছেন।

বিমান সূত্রে জানা গেছে, রিয়াদের হোটেল র‍্যাডিসন ব্লু থেকে গত ২৭ ফেব্রুয়ারি মামুন ও আরিফকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হোটেল র‍্যাডিসন ব্লুতে সৌদি আরব পুলিশের মাদক নিয়ন্ত্রণ শাখা অভিযান চালিয়ে মাদকসহ তাঁদের আটক করে। কী ধরনের মাদকসহ আটক করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে বিমানের একটি সূত্র বলছে, আটক দুই কর্মীর কাছে ইয়াবা বড়ি পাওয়া গেছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ আজ শনিবার প্রথম আলোকে বলেন, মামুন ও আরিফের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি আরব থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। দূতাবাসের মাধ্যমে এই দুজনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। রিয়াদ পুলিশের গোয়েন্দা শাখার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দল মামুন ও আরিফের কাছে মাদক থাকার খবর পায়। সেই খবরের ভিত্তিতেই হোটেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তবে তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদক ইয়াবা না অন্য কিছু, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শাকিল মেরাজ বলেন, ২৭ ফেব্রুয়ারি বিমানের বিজি ০৩৯ নম্বর ফ্লাইটে করে মামুন ও আরিফ রিয়াদে গিয়েছিলেন। মামুন দুই বছর আগে ও আরিফ এক বছর আগে বিমানে যোগ দেন।

বিমানের ফ্লাইট পরিচালনার সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সৌদি আরবের রিয়াদে সাধারণত বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হয়। রিয়াদে যাওয়ার পর বৈমানিকসহ বিমানের সব কর্মীকে হোটেল র‍্যাডিসন ব্লুতে রাখা হয়।