সৌদিপ্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়িয়া মহল্লায় বকুল সরদার (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তর শালগাড়িয়া মহল্লার স্টেশন পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত বকুল ওই মহল্লার বাগান পাড়ার বাসিন্দা। তিনি সৌদিপ্রবাসী ছিলেন। এক বছর আগে দেশে ফিরেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় বকুল জেলা সদরের বাইপাস মোড় থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় স্টেশন পাড়ায় কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে বকুল মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই বকুলের মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, নিহত বকুল সৌদি আরবে থাকতেন। এক বছর আগে তিনি দেশে ফিরে বাড়িতেই থাকতেন। বিদেশ থেকে ফিরে তিনি এলাকায় কিছু জমি কিনেছিলেন। এই জমি নিয়ে স্থানীয় একটি চক্রের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। চক্রটি মাঝে মধ্যেই তাঁকে হুমকি দিত।

নিহতের ভাই আবদুল করিম বলেন, জমি কেনাবেচা সংক্রান্ত বিষয়ে কথা বলতে বকুলের কাছে কিছু লোক আসার কথা ছিল। বকুল তাঁদের জন্য জমির কাগজপত্র নিয়ে অপেক্ষা করছিলেন। এর মধ্যেই ঘটনাটি ঘটেছে। তবে বকুলের কাছে কার আসার কথা ছিল, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিহতের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে জমির দলিল ও কাগজপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাঁকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।