সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন নিয়ে বিতর্ক, সংঘর্ষে আহত ২২
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দশ রশিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়া নিয়ে বিতর্ক ও আগের বিরোধের জের ধরে আজ সোমবার সকালে এ সংঘর্ষ হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্ত্তুজা ও স্থানীয়রা বলেন, ইসলামপুর ইউপি সদস্য আব্দুল কাইয়ুম ও একরামুলের নেতৃত্বাধীন দুই দল গত ১৮ জুন বিরোধে জড়িয়ে পড়ে। একরামুলের নেতৃত্বাধীন দলটি সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদের পালন করায় এ বিরোধ হয়। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ছোড়া ককটেল ও ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে ২২ জন আহত হন। এদের মধ্যে একরামুলের নেতৃত্বাধীন হাবিবুর রহমান, রফিকুল ইসলাম ও সোলায়মানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি গোলাম মত্তুর্জা আরও বলেন, একরামুল ও আব্দুল কাইয়ুম দুজন চাচাতো ভাই। এদের মধ্যে জমি-জমা নিয়েও বিরোধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।