স্কুল কমিটির নির্বাচনেও গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গুলি চালানো হয়েছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে সোনাখালী বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ের বর্তমান কমিটির সভাপতি সিকদার মাহাবুবুর রহমান গুলি ছোড়েন। ওই নির্বাচনে তিনি সদস্য পদপ্রার্থী। পুলিশ দুপুরে মাহাবুবুর রহমান ও তাঁর ছোট ভাই সিকদার মিজানুর রহমানকে একটি বৈধ বন্দুকসহ আটক করেছে। বিকেলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, মাহাবুবুর রহমান ও সিকদার খলিলুর রহমান পরস্পর চাচাতো ভাই। তাঁদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মাহাবুবুর এবারও সদস্য প্রার্থী। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর চাচাতো ভাই স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান এই নির্বাচনে তাঁর প্রতিপক্ষ প্যানেলকে নেপথ্যে সহযোগিতা করছিলেন বলে মাহাবুবুরের পক্ষের ধারণা। এই নির্বাচন ঘিরে এলাকায় উত্তেজনা চলছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সকাল সাড়ে দশটার দিকে সোনাখালী বাজারে মাহাবুবুর রহমানের প্রতিপক্ষ একদল গ্রামবাসী জটলা করছিলেন। এ সময় আকস্মিকভাবে মাহাবুবুর তাঁর ছোট ভাই মিজানুরসহ সাত-আটজন সেখানে গিয়ে ওই জটলা লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে খলিলুর রহমানের দুই ছেলেসহ অন্তত সাতজন গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাহাবুবুর ও তাঁর ভাই মিজানুরকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায়।
আহত ব্যক্তিদের মধ্যে খলিলুর রহমানের ছেলে আবু হোসেন সিকদার (৩৩) ও আবু হানিফ সিকদারকে (৩৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈন উদ্দিন মোল্লা বলেন, আবু হোসেন ও আবু হানিফ নামের দুজনের মাথা, হাত, পা ও বুকে গুলি লেগেছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অন্য ব্যক্তিরা হলেন সিব্বির সিকদার (৩০), সোবহান সিকদার (৪৫), ছাত্তার সিকদার (৬০), তোফাজ্জেল শেখ (৪০) ও কবির (৩৫)। এঁদের মধ্যে ছাত্তার ও সোবহানকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সে (মাহাবুবুর) এটা কেন করেছে জানি না। আমি সেখানে ছিলাম না। আমি নির্বাচনও করিনি। আমার দুই ছেলে খুলনায় হাসপাতালে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। রাতে অপারেশন হওয়ার কথা। আমি থানায় মামলা করব।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, মঙ্গলবার সকালে মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে মাহবুবুর রহমান তাঁর বৈধ বন্দুক দিয়ে গুলি ছুড়লে অন্তত পাঁচ ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ বন্দুকটি জব্দ করেছে এবং মাহাবুবুর ও তাঁর ভাই মিজানুরকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ওই নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হান্নান জানান, ওই সহিংস ঘটনায় নির্বাচন বিঘ্নিত হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানসহ পুলিশের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।