স্কুল ঘেঁষে পাথর ভাঙার কল

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বুড়াবুড়ি বাজার। আশপাশে খোলা আকাশের নিচে ৩০টি পাথর ভাঙার কলের (স্টোন ক্রাশার মেশিন) বিকট শব্দ। ভাঙা পাথরের গুঁড়ায় ধুলাময় আশপাশ। নাক-মুখ চেপে পাথর পরিবহনের কাজ করছেন শ্রমিকেরা।
গত মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারের আশপাশে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। এভাবে পঞ্চগড়ের সদর উপজেলার জগদল এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও বাংলাবান্ধায় হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, লোকালয়ের পাশে পাঁচ শতাধিক পাথর ভাঙার কল স্থাপন করা হয়েছে। এসব কল থেকে ধুলা ও পাথরের গুঁড়া বের হওয়ায় লক্ষাধিক মানুষ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে। এতে প্রাণঘাতী সিলিকোসিস রোগে আক্রান্ত হওয়ার শঙ্কাও রয়েছে। পাশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এই রোগে আক্রান্ত হয়ে ৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুধু তেঁতুলিয়া উপজেলার আইয়ুব–উল হক বালিকা উচ্চবিদ্যালয়ের পাশেই ২৫টি পাথর ভাঙার কল বসানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি না থাকায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা যত্রতত্র কল বসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পঞ্চগড়ের সিভিল সার্জন আহাদ আলী বলেন, পাথরের গুঁড়া ও ধূলিকণা শ্বাসনালিতে ঢুকে ফুসফুসের ক্ষতি করে। এ ছাড়া এতে চোখ জ্বালাপোড়া, হাঁপানি, কাশি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস হতে পারে। তবে মেশিনের চার পাশে ঢেকে দেওয়া হলে এবং শ্রমিকেরা মুখোশ (মাস্ক) ব্যবহার করলে কিছুটা স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশদূষণ থেকে রক্ষা পাওয়া যায়।
বেসরকারি হিসাবে জানা গেছে, জেলার ১০-১২ হাজার নারী-পুরুষ সরাসরি এবং এক লাখ নারী-পুরুষ-শিশু পরোক্ষভাবে স্বাস্থ্যঝুঁকি ও শব্দদূষণের কবলে পড়েছে। অথচ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পাথর ভাঙার কল স্থাপন নীতিমালার প্রধান শর্তেই উল্লেখ আছে, অঞ্চল (জোন) ছাড়া পাথর ভাঙার কল স্থাপন করা যাবে না। পঞ্চগড়ের পাথর উত্তোলনস্থলের আশপাশের এলাকায় প্রশাসন কল স্থাপনের নির্দিষ্ট অঞ্চল ঘোষণা করেনি। ফলে যত্রতত্র স্থাপন করা হচ্ছে পাথর ভাঙার কল।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কলগুলো নীতিমালার মধ্যে আনতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রণীত ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ ও স্টোন ক্রাশিং মেশিন স্থাপন নীতিমালা (সংশোধিত ২০১৩)’ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে কার্যকর করার কথা। এক বছর ধরে নীতিমালার প্রথম শর্ত অনুযায়ী কল স্থাপনে ‘অঞ্চল’ নির্দিষ্ট করার বিষয়টি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর প্রক্রিয়াধীন রেখেছে।
সরেজমিনে দেখা গেছে, পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারের আশপাশে খোলা আকাশের নিচে বসানো ৫০-৬০টি পাথর ভাঙার কল চলায় বিকট শব্দের সৃষ্টি হচ্ছে। মেশিন থেকে পাথরের গুঁড়া বের হওয়ায় ধুলায় আচ্ছন্ন চারপাশ। চোখ মেলে তাকানোরও উপায় নেই।
বাজার থেকে একটু এগিয়ে গেলেই মহাসড়কের দক্ষিণ পাশে আইয়ুব-উল হক বালিকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের ১৫০ গজ উত্তরে ১৫টি ও পূর্বে ১০০ গজের মধ্যে ১০-১২টি কল চলছে। কলের বিকট শব্দ আর ধুলায় বিদ্যালয়ের ছাত্রীরা ক্লাসে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। নাক-মুখ দিয়ে ধুলা ও পাথরের গুঁড়া ঢোকায় শিক্ষার্থীরাও রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সংগীতা ও শ্যামলী জানায়, মেশিনের শব্দে ক্লাসে কিছু শোনা যায় না। ধুলা-বালুর জন্য মাঠে খেলাধুলা করা যায় না। বিকেলের দিকে মাথাব্যথা শুরু হয়। শিক্ষিকা লাইলী বেগম বলেন, মেশিনের শব্দ আর ধুলার কারণে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছেন।
প্রধান শিক্ষক রেজাউল হক জানান, পাথর ভাঙার মেশিনের শব্দে বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রী মনোযোগ দিয়ে ক্লাস করতে পারে না। তারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছে।
বুড়াবুড়ি এলাকায় একটি পাথর ভাঙার কলে নিয়োজিত নারী শ্রমিকেরা জানান, পাথর ভাঙার গুঁড়ায় চোখ জ্বালাপোড়া করে ও কাশি হয়। এলাকার পাথর ভাঙা কলের মালিক দবিরউদ্দিন বলেন, ‘শুধু শ্রমিক কেন, আমরাও তো ঝুঁকির মধ্যে আছি। তবে সরকার খাস জমিতে আমাদের সব কলমালিককে জায়গা এবং স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করলে আমরা তা মেনে নেব।’
পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ওসমান গণি বলেন, অঞ্চল বা জোন নির্ধারণ করা এবং বিধিমালা পালন নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসনের। প্রথমত, এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শামসুল আজম বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে। তবে অঞ্চল বা জোন গঠনের প্রক্রিয়া এখনো শুরু হয়নি।